প্রতিষ্ঠাতার বার্তা
আসসালামুয়ালাইকুম, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা!
আমাদের মাতৃভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রবাসেও বাঁচিয়ে রাখার সংকল্প থেকেই ২০২০ সালের জুন মাসে "মিউনিখ বাংলা স্কুল" প্রতিষ্ঠা করেছিলাম আমরা কয়কজন মিলে। এই স্কুলের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে বাংলা ভাষার প্রতি ভালোবাসা জাগাতে এবং তাদের নিজেদের শিকড়ের সাথে সংযুক্ত রাখতে চাই। আজকের এই বিশ্বায়িত পৃথিবীতে, বহুভাষিক ও বহুসাংস্কৃতিক পরিবেশে বাচ্চারা বড় হচ্ছে। আমরা চাই, তারা আন্তর্জাতিকভাবে দক্ষ হোক- কিন্তু তার পাশাপাশি তাদের মাতৃভূমির সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যের প্রতি ভালোবাসা বজায় রাখুক। আমাদের বিশ্বাস, একটি ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন।
আমাদের স্কুলে, শিশুদের মাতৃভাষা শেখানোর পাশাপাশি, বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কেও শিক্ষা প্রদান করা হয়। আমাদের লক্ষ্য: ভাষার বিকাশ: বাংলা ভাষা শেখানোর মাধ্যমে শিশুদের ভাষাগত দক্ষতা উন্নত করা। সংস্কৃতির সংরক্ষণ: বাংলা সাহিত্য, ইতিহাস, এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে তাদের পরিচিত করানো। আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা: দ্বিভাষিক শিক্ষার মাধ্যমে শিশুদের আন্তর্জাতিক যোগাযোগে সক্ষম করে তোলা। সম্প্রদায়ের বন্ধন: প্রবাসে থাকা বাঙালি কমিউনিটির মধ্যে সামাজিক বন্ধন জোরদার করা।
আপনাদের সবার সহযোগিতা ও উৎসাহে আমরা আমাদের এই মিউনিখ বাংলা স্কুলকে একটি সফল ও সুন্দর শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারবো। একসাথে আমরা বাচ্চাদের জন্য একটি সমৃদ্ধ শিক্ষার সুযোগ তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বাচ্চাদের মধ্যে তাদের পরিচয়কে শক্তিশালী করবে। আপনারা আমাদের সঙ্গে থাকলে, আমরা একসাথে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবো, যেখানে আমাদের সন্তানরা তাদের শিকড়কে মনে রেখেই নতুন উচ্চতায় পৌঁছাবে।
ধন্যবাদান্তে,
রেজাউর রহমান (শামীম)মোয়াখ্খারুল ইসলাম (সাগর)
